মিতুর সুস্থতার প্রত্যাশায় ইসহাক রওশন ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

ময়মনসিংহের নান্দাইলে জটিল জন্মগত হৃদরোগে আক্রান্ত ১৪ বছর বয়সী কিশোরী মিতুর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে ইসহাক রওশন ফাউন্ডেশন।

মিতুর চিকিৎসার বিষয়টি ফাউন্ডেশনের নজরে আসার পর ফাউন্ডেশনের উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মিতুর অস্ত্রোপচারের জন্য ২২ আগস্ট ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে বড় ও জটিল অস্ত্রোপচারকে ঘিরে পরিবারের উদ্বেগ ও মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা আপাতত অস্ত্রোপচারে না যাওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মিতুকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে ইসহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি জনাবা ইশরাত শামস মলি মিতু ও তার পরিবারের বর্তমান পরিস্থিতির খোঁজ নিতে গতকাল ঢাকা থেকে একটি প্রতিনিধিদল তাদের বাড়িতে পাঠান।

প্রতিনিধিদল মিতু ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। পাশাপাশি পরবর্তী চিকিৎসা কার্যক্রমের ব্যয় নির্বাহে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়।

জটিল চিকিৎসার ক্ষেত্রে রোগী ও তার পরিবারের মানসিক প্রস্তুতি এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিতুর পরিবারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তার পরবর্তী চিকিৎসা ও সুস্থতার জন্য পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ইসহাক রওশন ফাউন্ডেশন।